স্টাফ রিপোর্টার
, যশোর
সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর দাবি জানিয়েছেন যশোর জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।
তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরে আসুক, আমরাও চাই। তবে তাকে বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে যশোরের মুড়লি মোড়ে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাসুম বিল্লাহ বলেন, শেখ হাসিনা একসময় বলেছিলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর মতো কোনো শক্তি বাংলাদেশে নেই। কিন্তু শেষ পর্যন্ত তাকে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাতে হয়েছে। এখন ভারত থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছেন।
তিনি আরও বলেন, ১৬ বছর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিএনপি ও ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা একসঙ্গে আন্দোলন করেছেন। ওই সময়ে অনেকে আত্মগোপনে ছিলেন, অনেকে কারাগারে নির্যাতনের শিকার হয়েছেন। অনেক শীর্ষ ওলামায়ে কেরাম ও রাজনৈতিক নেতাকে বিচারের নামে প্রহসনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বিএনপির সঙ্গে আওয়ামী লীগের গোপন আঁতাতের আশঙ্কা প্রকাশ করে মাসুম বিল্লাহ বলেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল-মিটিং ও নেতাকর্মীদের আস্ফালন দেখা যাচ্ছে। এসবের পেছনে কোনো সমঝোতা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এ বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।
মাসুম বিল্লাহ বলেন, ১১ দলীয় ঐক্য অটুট রয়েছে। সংবিধান সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় স্বৈরাচারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা আন্দোলন চালিয়ে যাবেন।