কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
সাত দফা দাবিতে ১১ দলের লংমার্চ রাত ৮টা ৪৮ মিনিটে ঝিনাইদহের কালীগঞ্জে প্রবেশ করে। এ সময় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব জামায়াত আমির শফিকুর রহমানকে স্বাগত জানান।
দুই মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘আপনারা সবাই জানেন আমরা কেন রাস্তায় নেমেছি। এ দাবি আমাদের দলের না, এ দাবি জনগণের। জনতার দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমরা রাস্তায় নামতে চাইনি। কিন্তু সরকার আপনাদের অপমানিত করেছেন।’
‘আমরা কথা দিচ্ছি, আপনাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। আমরা আপনাদের সাথে আছি। এই একটি দাবি বাস্তবায়ন হলে বাকি ছয় দফাও স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হয়ে যাবে।’
তিনি বলেন, ‘গণভোট বাস্তবায়ন হলে দেশে কোনো চাঁদাবাজ থাকতো না, সন্ত্রাস ও অন্যায় থাকতো না। সরকার দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। দাবি আদায়ে প্রয়োজনে আমরা এক দফার ডাক দেবো। আন্দোলনের যখন ডাক আসবে, কথা দিচ্ছি, আমরা জনগণের ধোকা দেবো না।’
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারসংকট নিরসন এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে এ কর্মসূচি পালন করে ১১-দলীয় ঐক্য।
এর আগে লংমার্চের অগ্রভাগে থাকা ডাকসুর ভিপি সাদিক কায়েম কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে তার বক্তব্যে হাদি হত্যার বিচার দাবি করেন।
জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, ‘চাটুকারদের কথায় নয়, ন্যায় ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করেন, আমরা সহযোগিতা করবো।’