খুলনা অফিস
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারে ব্যবহৃত কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ।
শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলে সোহেল শেখ, লাইজু বেগম এবং কীটনাশক ব্যবসায়ী সেলিম মিয়া (৫২)। তাদের পরে খুলনার দাকোপ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর খুলনার দাকোপ এলাকায় সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সময় বাধা দেওয়ায় বনরক্ষীদের ওপর দা নিয়ে হামলা করেন সোহেল ও লাইজু।
এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে দাকোপ থানায় অভিযোগ করা হয়। পরে মোংলার জয়মনি এলাকা থেকে ওই দুই জেলেকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কীটনাশক সরবরাহকারী ব্যবসায়ী সেলিম মিয়াকেও গ্রেপ্তার করা হয়।
সেলিম মিয়া মোংলা পৌর শহরের শেখ আবদুল হাই সড়কের মেসার্স জনতা স্টোরের মালিক। তিনি আসন্ন মোংলা বন্দর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুন্দরবনের ক্ষতি হয় এমন কর্মকাণ্ডে জড়িত কেউই ছাড় পাবে না। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।