স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাকে এ পদে মনোনীত করেছে।
হাসপাতাল দপ্তর সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব তামান্না তাসনীম স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নের কথা জানানো হয়।
ইতিমধ্যে চিঠিটি যশোর জেনারেল হাসপাতালসহ জেলার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদটি যশোরে ছড়িয়ে পড়লে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা দেওয়া শুরু হয়।
অনিন্দ্য ইসলাম অমিত বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন। তার তত্ত্বাবধানে যশোর মেডিকেল কলেজ এবং ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব উদ্যোগের মধ্যে রয়েছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গভাবে চালুর প্রস্তুতি এবং একটি আধুনিক নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালুর উদ্যোগ। পাশাপাশি হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার চেষ্টা চলছে। এ ছাড়া যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজও দ্রুত এগিয়ে চলছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, ‘পদাধিকারবলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে তার এ দায়িত্বের বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে।’ এর ফলে হাসপাতালের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।