ঝিনাইদহ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জে উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামে ধানের শীষ প্রতীকের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থীর চার সমর্থক আহত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উল্লা গ্রামের চৌরাস্তায় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ৪ জন হলেন, নায়েব লস্কর, কালাম, আখতারুল ইসলাম ও রিয়াজ উদ্দিন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতরা জানান, সকালে তারা গ্রামের একটি চা এর দোকানে বসে চা পান করছিলেন। এ সময় একটি সিএনজিযোগে ১০-১২ জন ব্যক্তি এসে অতর্কিত হামলা চালায়। এঘটনায় চারজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) জেল্লাল হোসেন মুঠো ফোনে জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।