পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলায় পারশে মাছের প্রায় তিন লাখ পোনা জব্দ করেছে মৎস্য দপ্তর ও নৌ পুলিশ। পরে জব্দ এসব পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়।
মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার (৬ মে) দুপুর ১২টার দিকে পৌর সদরের শিববাটী ব্রিজসংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সুন্দরবন ও এর আশপাশের নদ-নদী থেকে আহরণ করা বিপুল পরিমাণ পারশে পোনা জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দকৃত পোনা তাৎক্ষণিকভাবে শিবসা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উপকূলীয় এলাকার কিছু অসাধু চক্র সুন্দরবন ও সংলগ্ন নদ-নদী থেকে পারশে ও অন্যান্য প্রজাতির পোনা সংগ্রহ করে স্থানীয় মৎস্য চাষি ও চিংড়ি ঘেরে সরবরাহ করে থাকে।