কেশবপুর (যশোর) প্রতিনিধি
কালবৈশাখীতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা সাগরদাঁড়ি গ্রামে কবির স্মৃতিবিজড়িত বাড়ি ও সংলগ্ন পর্যটন কেন্দ্র লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের দাপটে উপড়ে পড়েছে ক্যাম্পাসের বিশাল আকৃতির কয়েকটি আমগাছসহ বৈদ্যুতিক খুঁটি।
এতে জানমালের বড় ক্ষতি না হলেও পর্যটন কেন্দ্রের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (২ মে) বিকেলে হঠাৎ শুরু হওয়া এই শক্তিশালী ঝড়টি উপজেলার সাগরদাঁড়ি এলাকার ওপর দিয়ে বয়ে যায় এবং ব্যাপক তাণ্ডব চালায়। এতে এই অঞ্চলের শত শত গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে এবং বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এলাকাবাসী জানান, ঝড়ের গতিবেগ এত বেশি ছিল যে মধুসূদন দত্তের বাড়ির আঙিনায় থাকা বেশ কিছু পুরোনো গাছ উপড়ে পড়ে। ওই সময় ক্যাম্পাসের ভেতরে থাকা বৈদ্যুতিক খুঁটি ও তারের ওপর গাছ পড়ায় পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ক্যাম্পাসের ছায়াসুনিবিড় পরিবেশের প্রায় ৮-১০টি বড় গাছ শিকড়সহ উপড়ে গেছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় গত দুদিন ধরে সাগরদাঁড়ি এলাকা অন্ধকারে রয়েছে। এছাড়া প্রচণ্ড ঝড়ে মধুপল্লীর ভেতরের বিভিন্ন নির্দেশিকা বোর্ড, টিনের চালা এবং অস্থায়ী সাইটগুলো দুমড়েমুচড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার রাতে ঝড় থামার পর সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে গাছপালা কেটে সরানো হচ্ছে এবং বিদ্যুৎ সঞ্চালনের কাজ শুরু হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টদের আশা। সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টোডিয়ান হাসানুজ্জামান বলেন, শনিবার বিকেলের কালবৈশাখী ঝড়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ও মধুপল্লীসহ এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছেন। বিশেষ করে মধুপ্রল্লীর ভেতরের বেশ কিছু মূল্যবান গাছ উপড়ে পড়েছে বলে তিনি জানান।