স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মার্চ) সকাল ৯ ঘটিকায় কলেজ অডিটরিয়ামে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারাদেশের ১১২টি মেডিকেল কলেজে একযোগে এই কর্মসূচি পালিত হয়েছে।
অনুষ্ঠানের প্রথম অংশে অনলাইনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পরিচালনায় কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। পরবর্তীতে স্থানীয় আয়োজনে যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু হাসনাত মো: আহসান হাবিবের সভাপতিত্বে মূল অনুষ্ঠান শুরু হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন এবং যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
এ বছর যশোর মেডিকেল কলেজে ভর্তি হওয়া মোট ১০০ জন শিক্ষার্থীর (৭৮ জন ছাত্রী ও ২২ জন ছাত্র) পাশাপাশি তাদের অভিভাবকবৃন্দ ও কলেজের শিক্ষকমণ্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন পর্বে কলেজ পরিচিতি, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন হয়। নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে অ্যাপ্রন পরিয়ে দেওয়া হয় এবং তাদের হাতে প্রয়োজনীয় দিক-নির্দেশনামূলক নির্দেশিকা সরবরাহ করা হয়। এরপর শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য প্রদান করা হয়।
প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে চিকিৎসা পেশার সেবামূলক আদর্শ ও নৈতিকতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে শিক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও শিক্ষকমণ্ডলীকে সাথে নিয়ে কলেজের বাগানে দুজন নবীন শিক্ষার্থী নিজ হাতে দুটি বৃক্ষ রোপণ করেন। কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে বাকি ৯৮ জন শিক্ষার্থীও কলেজ প্রাঙ্গণে একটি করে বৃক্ষ রোপণ করবেন।