মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে এক প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা এবং সেই টাকা নিতে এসে পুলিশের জালে আটক হয়েছেন এক যুবক।
উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মহেশপুর থানার এজাহার সূত্রে জানা যায়, আলামপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে বিল্লাল এবং রফিকুলের ছেলে শরিফুল ইসলাম বিদ্যুৎ একই গ্রামের প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে।
ভুক্তভোগী বিষয়টি তার স্বামী আলমগীরের কাছে জানালে তিনি ২৮ এপ্রিল বিদেশ থেকে বাড়িতে আসেন এবং বিষয়টি নিয়ে থানার ওসি মেহেদী হাসানের সাথে পরামর্শ করেন। পরামর্শ অনুযায়ী চাঁদার টাকা দেওয়ার কথা বলে আব্দুল হকের বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে টাকাসদৃশ একটি ব্যাগ রেখে ফাঁদ পাতেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত বিল্লাল হোসেন টাকার ব্যাগ নিতে আসলে ওত পেতে থাকা এলাকাবাসী আটক করে পিটুনি দেয়। তখন সেখানে পুলিশ ছিল। তার পর বিল্লালের কাছ থেকে মোবাইল উদ্ধার করে এবং সেখানে নগ্ন ছবি পাওয়া যায়।
এবিষয়ে মহেশপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ মোতাবেক একটি মামলা হয়েছে। যার মামলা নাম্বার ৬, তারিখ ০৩/০৫/২৬।
এবিষয়ে মহেশপুর থানার ওসি মেহেদী হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেন এবং উক্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে ও অন্য আসামিকে আটকের চেষ্টা চলছে।