মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় দাউদ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় দেন।
দাউদ আলী মেহেরপুর শহরের তাঁতিপাড়ার কাসেদ আলীর ছেলে। আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় এই রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ জুন রাতে মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় ১১ বছরের এক শিশু খাওয়া-দাওয়া শেষে বাড়ির বাইরের রাস্তা দিয়ে হাঁটছিল। ওই সময় প্রতিবেশী অভিযুক্ত দাউদ আলী তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের বাসায় নিয়ে যায় এবং একটি কক্ষে আটকে ধর্ষণ করে।
শিশুটির পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর সকালে অভিযুক্তের বাড়ি থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
পিপি মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, মামলা চলাকালীন আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। ভিকটিম শিশু ম্যাজিস্ট্রেটের কাছে ২২ ধারায় দেওয়া জবানবন্দীতে ধর্ষণের বিস্তারিত বিবরণ দেয়। এছাড়া আসামি নিজেও ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার সত্যতা স্বীকার করেন। আদালত সাক্ষ্য-প্রমাণ ও জবানবন্দী পর্যালোচনা করে দাউদ আলীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি পক্ষে অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, অ্যাডভোকেট কামরুল হাসান ও অ্যাডভোকেট গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।