জামায়াতের বিবৃতি
সুবর্ণভূমি ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ উদ্বেগ জানান।
বিবৃতিতে তিনি বলেন, শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাতেনবাড়ি গ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুরসালিন এবং মধুপুর গ্রামের নবীর হোসেনকে ভারতীয় রক্ষীবাহিনী গুলি করে হত্যা করেছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এ হত্যাকান্ডের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি তাদের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।
গোলাম পরওয়ার বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায়। বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও ক্রমাগতভাবেই বাড়ছে। সীমান্তে বাংলাদেশিদের হত্যাকাণ্ডের বিচার না হওয়া খুবই উদ্বেগজনক। বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই ভারত বারবার বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ সব সময়ই প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে। আমরা আশা প্রকাশ করছি, ভারত সরকার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করবে। মো. মুরসালিন ও নবী হোসেনসহ সীমান্তে সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।