কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
শিশু ধর্ষণের অভিযোগে আত্তাব হোসেন (৬০) নামে এক গ্রাম্য ডাক্তার আটক হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে।
অভিযুক্ত আত্তাব হোসেন উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা বলছেন, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী তার দাদির জন্য ওষুধ আনতে আত্তাবের দোকানে যায়। এসময় কেউ না থাকার সুযোগে তিনি মেয়েটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে।
ঘটনা জানাজানির পর স্থানীয়রা তাকে আটকে রাখে। সংবাদ পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। একই সাথে ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিকটিম ও তার পরিবার বলছে, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। মেয়েটি বাড়ি ফেরার পর তার আচরণ দেখে সন্দেহ হয়। পরে সে স্বীকার করে। এছাড়া তার মা রক্তক্ষরণ দেখতে পান বলে জানিয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, সংবাদ পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দfয়িত্বরত চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। আরো নিশ্চিত হওয়ার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।