তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরায় জেলা পর্যায়ে তৃণমূল সুশীল সমাজ সংগঠনের (সিএসও) সদস্যদের নিয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী প্রধান অচিন্ত কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা লিগাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ লিটন দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশীল প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর দে অঞ্জন কুমার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাব (HAB)-এর সভাপতি আনিছ উজ্জামান এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এছাড়া ১৩টি হাব-এর প্রতিনিধিরা এতে অংশ নেন।
সভাপতির বক্তব্যে অচিন্ত কুমার সাহা বলেন, "প্রান্তিক জনগোষ্ঠীর আইনি অধিকার রক্ষায় স্থানীয় প্রশাসন, লিগাল এইড এবং এনজিওগুলোর মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। তৃণমূল সিএসওগুলো এই প্রক্রিয়ায় সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে।"
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি মানবাধিকার ও উন্নয়ন সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সিনিয়র লিগাল অফিসার শাহরিয়ার নাসিম। তিনি তৃণমূল পর্যায়ে আইনি সচেতনতা বৃদ্ধি এবং ব্লাস্টের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। ব্লাস্ট এর স্পেশালিস্ট রবিউল ইসলাম তৃণমূল সিএসওদের দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে আইনি সংকট মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, দেশের পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠী প্রায়শই সচেতনতার অভাব এবং আর্থিক অসচ্ছলতার কারণে সঠিক আইনি সহায়তা থেকে বঞ্চিত হন। সিএসও সদস্যরা মাঠপর্যায়ে সরাসরি কাজ করার ফলে তারা ভুক্তভোগী মানুষের সঠিক তথ্য ও আইনি পরামর্শ দিয়ে সরকারি-বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সংযোগ ঘটিয়ে দিতে পারেন।
মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারী তৃণমূল সিএসও প্রতিনিধিরা মাঠপর্যায়ে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। জেলা লিগাল এইড অফিসার লিটন দাশ সরকারের বিনামূল্যে আইনি সহায়তা (সরকারি লিগাল এইড) কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।