ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় দ্রুতগামী বাসের চাপায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্বাস হোসেন যশোর জেলার চুড়ামনকাটি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বড়দাহ ব্রিজ এলাকায় মহাসড়কের পাশে নিজের ট্রাকটি পার্কিং করে রেখে সামনের একটি দোকানে চা পান করছিলেন আব্বাস হোসেন। চা পান শেষে আবারও ট্রাকে ফিরে যাওয়ার উদ্দেশে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী ‘রূপসা পরিবহন’–এর একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ায় সেটি শনাক্ত করার চেষ্টা চলছে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।