কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকারী জিহাদসহ (১৫) আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (০৯ জুন) ভোর ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার নয়মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের বাবুগঞ্জ থেকে আম নেওয়ার জন্য একটি খালি ট্রাক নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন চালক সজীব ও তার সহকারী জিহাদ। পথে নয়মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে তাদের ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্রাকচালক সজীব নিহত হন। এ সময় তার সহকারী জিহাদসহ অপর ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হন। দুর্ঘটনার তীব্রতায় ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। নিহত সজীবের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।