বাগেরহাট প্রতিনিধি
পৈতৃক সম্পত্তির মিউটেশন বা নামজারি করতে গিয়ে বাগেরহাটের মোংলা উপজেলা ভূমি অফিসে হয়রানির শিকার হয়েছেন সনজিত মজুমদার। এই কাজে তার কাছে ৩০ হাজার টাকা ঘুস দাবি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করছেন।
রোববার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সনজিত মজুমদার জানান, পৈতৃক সম্পত্তির নামজারির জন্য একাধিকবার আবেদন করা হলেও সংশ্লিষ্টরা নানা অজুহাতে তা খারিজ করে দেয়।
ভূমি অফিসের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিলেও সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো ইতিবাচক সহযোগিতা পাওয়া যায়নি।
তার অভিযোগ, মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী নাইমুল ইসলাম প্রতিটি মিউটেশন মামলার জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
ওই টাকা না দিলে সহকারী কমিশনার (ভূমি) আবেদনে স্বাক্ষর করবেন না বলেও জানানো হয়। এ বিষয়ে সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে দেখা করতে গেলে তিনি অসৌজন্যমূলক আচরণের শিকার হন বলে জানান।
বিষয়টি জেলা প্রশাসককে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার মেলেনি বলেও উল্লেখ করেন তিনি।
সরকারি নির্ধারিত ফি থাকা সত্ত্বেও অতিরিক্ত অর্থ দাবির এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং দ্রুত নামজারি সম্পন্ন করতে বাগেরহাটের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
অন্যদিকে, এ বিষয়ে মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ জানান, ওয়ারিশ কায়েম ঠিক না থাকার কারণে নামজারি করা হয়নি। সঠিক কাগজপত্র নিয়ে আসলে নামজারি সম্পন্ন করে দেওয়া হবে। সেবাভোগী হয়তো কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বিক্ষুব্ধ হয়ে এমন অভিযোগ করে থাকতে পারেন।