স্টাফ রিপোর্টার
, যশোর
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য এসএম জিলানী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেন, আপনি বলেছিলেন না- ‘শেখ মুজিবের মেয়ে পালায় না, শেখের বেটি পালায় না’ আপনি কিন্তু পালিয়েছেন। এটিই প্রথম না, আপনি বারবার পালিয়েছেন। শুধু পলয়ান করেননি দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
শনিবার বিকেলে যশোর শহরের চৌরাস্তায় ‘গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের গ্রেফতার ও বিচারের দাবিতে’ যশোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম বলেন, জুলাই বিপ্লব কোনো নির্দিষ্ট সংখ্যা নয়, এটি একটি আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতীক। এই আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এর প্রকৃত চালিকাশক্তি ছিল দেশের সাধারণ মানুষ। তাই এই বিজয়ের কৃতিত্ব জনগণেরই প্রাপ্য।
তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রায় দিয়েছে। যারা সংসদের ভেতরে বা বাইরে হুমকি ও সমালোচনা করছেন, তাদের প্রতি দেশ গঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশ রক্ষায় সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
প্রধান বক্তা এসএম জিলানী আরও বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার গঠিত হয়েছে। তবে, নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা চলছে। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, শুনছি তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে আসবেন। আমরা অপেক্ষা করছি। তিনি এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ৫ আগস্ট তিনি পালিয়ে গেছেন, এটাই সত্য।
দলের সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, ১/১১-এর সময় দেশ ছাড়ার সুযোগ থাকলেও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। তার ভাষায়, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। যদি মরতে হয় বাংলাদেশেই মরব, বাঁচতে হলে বাংলাদেশেই বাঁচব। এই অবস্থানের কারণেই দেশের মানুষ তার প্রতি আস্থা রেখেছিল বলে মন্তব্য করেন তিনি।
এসএম জিলানী আরও বলেন, বিএনপি সংস্কারের বিরোধী নয়। দলটি রাষ্ট্র সংস্কারের প্রস্তাব আগেই দিয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নেও প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে তিনি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থানের সমালোচনা করেন।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তারেক রহমান প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করেন না। তিনি সাম্য ও মানবিকতার রাজনীতি করেন। দেশের মানুষের জন্য তার পরিকল্পনা রয়েছে।
বক্তব্যের শেষদিকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এসএম জিলানী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই বিএনপি কাজ করছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।