ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
মৎস্য সম্পদ রক্ষা ও দেশীয় মাছের প্রজনন নিশ্চিতে বিশেষ অভিযানে চায়না দুয়ারিসহ বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল উচ্ছেদ ও বিনষ্ট করেছে উপজেলা মৎস্য বিভাগ।
সোমবার যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ও গঙ্গানন্দপুর ইউনিয়নের চারটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই হাজার মিটার চায়না দুয়ারী জাল, আড়াইশ মিটার কারেন্ট জাল এবং দেড়শ মিটার নেট পাটা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত সব অবৈধ জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. নান্নু রেজা।
এ সময় ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার রায়, পুলিশ সদস্য এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য দপ্তর জানায়, চায়না দুয়ারী, কারেন্ট জাল ও নেট পাটার মতো নিষিদ্ধ জালের ব্যবহারে দেশীয় প্রজাতির মাছের পোনা, ডিম ও অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হচ্ছে। ফলে, প্রাকৃতিক জলজ জীববৈচিত্র্য ও মাছের প্রজনন মারাত্মক হুমকির মুখে পড়ছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।