স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত হত্যা ও অস্ত্রসহ ২০ মামলার আসামি কামরুল ইসলাম ওরফে খোড়া কামরুলকে (৪৭) গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।
গ্রেপ্তার ‘খোড়া কামরুল যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে। রোববার (৩১ মে) সকালে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, গত ৬ এপ্রিল কোতোয়ালি থানায় দায়ের করা অস্ত্র আইনের একটি মামলায় খালিদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিন ফেরদৌস নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে ওই অস্ত্রের সাথে খোড়া কামরুলের সম্পৃক্ততা পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে তাকে খোঁজা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার (৩০ মে) বিকেলে শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে খোড়া কামরুলকে আটক করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, আটক খোড়া কামরুল শহরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের অন্যতম যোগানদাতা। যশোর ও আশেপাশের এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার সাথেও তিনি সরাসরি জড়িত।
তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা, অস্ত্র আইনে ছয়টি, বিস্ফোরক আইনে চারটি, চাঁদাবাজি আইনে সাতটি, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং মাদক আইনে একটিসহ মোট ২০টি মামলা চলমান রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে ডিবি পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।