মাগুরা প্রতিনিধি
জুলাই সনদ বাস্তবায়নের দাবি এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার বিকেলে নোমানী ময়দান থেকে গণমিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু।
অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সদস্য আলহাজ আব্দুল মতিন, অধ্যক্ষ মাহবুবুর রহমান, মাওলানা মারুফ কারখী, মো. ইব্রাহিম বিশ্বাস, অধ্যাপক ফারুক হুসাইন, অধ্যাপক আশরাফুল আলম, অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, মাওলানা আফছার আলী, বিডিপির জেলা সভাপতি কাজী আব্দুল আওয়াল সবুর, এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক জাফর মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। জুলাই সনদ দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের স্মারক। তাই অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তারা।