স্টাফ রিপোটার
, যশোর
যশোরে একদল যুবককে হঠাৎ কালো পতাকা হাতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ব্যানারে এই ঝটিকা মহড়া অনুষ্ঠিত হয়।
রোববার (২ আগস্ট ) দুপুরের দিকে শহরের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে বহরটি বের হয়ে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিউমার্কেট এলাকা থেকে বেশ কয়েকটি মোটরসাইকেলের একটি বহর কালো পতাকা হাতে নিয়ে পালবাড়ি অভিমুখে দ্রুতগতিতে রওনা হয়। ওই বহরে থাকা আরোহীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’- এমন নানা রাজনৈতিক স্লোগান দেন।
এটিকে একটি ‘বিচ্ছিন্ন তৎপরতা’ হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
যশোর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাসুম খান জানিয়েছেন, আকস্মিকভাবে কিছু যুবক জড়ো হয়ে স্লোগান দিয়ে সটকে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপ ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে জানিয়ে ওসি জানান, শোভাযাত্রা ও বিশৃঙ্খলা চেষ্টার সঙ্গে সরাসরি সম্পৃক্তদের দ্রুত শনাক্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।