মাগুরা প্রতিনিধি
জুলাই আন্দোলনে মাগুরা জেলার দশ শহীদের হত্যাকাণ্ডের দুই বছর পেরিয়ে গেলেও বিচারকার্য দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে স্বজনদের মধ্যে।
দীর্ঘ সময়েও বিচার না হওয়ায় তারা দ্রুত মামলা নিষ্পত্তি এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার সরকার পতনের এক দফা আন্দোলনের সময় মাগুরায় সংঘটিত সহিংসতায় চারজন নিহত হন। এছাড়া একই আন্দোলনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাগুরা জেলার আরও ছয়জন ছাত্র ও শ্রমিক প্রাণ হারান।
সব মিলিয়ে জুলাই আন্দোলনে মাগুরা জেলার দশজন নিহত হন।
সেদিন দুপুরে মাগুরা শহরের ঢাকা রোড ব্রিজ এলাকায় হাজার হাজার ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ এবং আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে হামলা ও গুলি চালায়।
এতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি ও সাধারণ ছাত্র ফরহাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
একই দিন বিকেলে মহম্মদপুর থানা গেটের সামনে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালালে আহাদ ও সুমন নামে আরও দুজন নিহত হন।
জুলাই আন্দোলনের দুই বছর পূর্তিতে নিহতদের স্বজনরা বলছেন, দীর্ঘ সময় পার হলেও বিচার প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় তারা হতাশ।
তাদের প্রত্যাশা, দ্রুত বিচারকার্য সম্পন্ন করে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
স্বজনদের অভিযোগ, সময় গড়িয়ে গেলেও বিচার সম্পন্ন না হওয়ায় তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।
তাই বিলম্ব না করে মামলাগুলোর বিচার শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।