যশোর, বাংলাদেশ || শনিবার, ৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজনীতিকে আওয়ামী লীগই ধ্বংস করেছে: ডা. শফিক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০৮:১৬ পিএম
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০৮:৫৮ পিএম
রাজনীতিকে আওয়ামী লীগই ধ্বংস করেছে: ডা. শফিক

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক। কারণ, এই দেশের রাজনীতিকে তারাই ধ্বংস করেছে। সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, অসংখ্য মানুষকে গুম, হত্যা ও পঙ্গু করেছে। অথচ, এখন পর্যন্ত এসব ঘটনার জন্য তারা সামান্য অনুশোচনাও প্রকাশ করেনি।

শুক্রবার সকালে বাগেরহাট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সরকারের দায়িত্ব। সরকার যত দায়িত্বশীলভাবে পরিস্থিতি সামাল দিতে পারবে, দেশ তত সুন্দরভাবে পরিচালিত হবে।

সংসদে বিরোধী দলের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা সংসদে যেখানে সহযোগিতা প্রয়োজন, সেখানে তা করছি, আর যেখানে বিরোধিতা প্রয়োজন সেখানে গঠনমূলক বিরোধিতা করছি।’

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনও আমরা দুই মেরুতে অবস্থান করছি। দেশের ৭০ শতাংশ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে। কোনো অবস্থাতেই সেই রায়কে অপমান করতে দেওয়া হবে না।’

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, মাওলানা মো. মশিউর রহমান এমপি, শেখ মঞ্জুরুল হক রাহাদ এমপি, অধ্যক্ষ মো. আব্দুল আলীম এমপিসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত রুকন সম্মেলনে যোগ দেন। পরে ষাট গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায়, মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)