সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে গভীর রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও দলীয় নেতাকর্মীরা জানান, রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তিরা ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়।
ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানাসহ দলীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, অজ্ঞাত দুর্বৃত্তরা বিএনপি কার্যালয় লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার ও এসআই মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে উপস্থিত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল নিরাপদ করে ভোরে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেন।
কালিগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
এদিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দাঁদপুর এলাকায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে কার্যালয়ে আগুন দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়ের পাশাপাশি পাশের একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। কুল্যা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আহসান উল্লাহ জানান, গভীর রাতে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তাদের খবর দেন। আগুনে পাশের দোকানের মালিক শাহেদ আলীর প্রায় ৩০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।
খবর পেয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।