যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে নির্বাচন আজ, কাল শপথ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ১০:০২ এ এম
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে নির্বাচন আজ, কাল শপথ

দীর্ঘ ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন।

নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. অলি আহমদ বীরবিক্রম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন। স্পিকারের দায়িত্বে থাকা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন।

শপথ গ্রহণের পরপরই রেওয়াজ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন।

এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন গতকাল বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, ভোটের সময় কোনো ধরনের প্রচার চালানো যাবে না। ভোট দেওয়ার ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো সমস্যার সৃষ্টি হলে চিফ হুইপ ও বিরোধীদলীয় চিফ হুইপের সহযোগিতা নেওয়া যাবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নিজের নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট পেপার নিতে হবে। ব্যালটের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।

কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে সেটি ব্যালট বাক্সে রাখার আগে নির্বাচন কর্মকর্তার কাছে উপস্থাপন করতে হবে। এ ক্ষেত্রে নির্বাচন কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা শুরু হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

সিইসি এ এম এম নাসিরউদ্দিন বলেন, ঐতিহাসিক এ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। আশা করি, একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে সরাসরি সংসদ সদস্যদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)