লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিটি লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকার ঢাকা বাস কাউন্টারের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, সব ধরনের বিভেদ ভুলে বিএনপিকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে রাজনীতি করতে হবে।
তিনি আরও বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। দল থেকে যাকে সমর্থন দেওয়া হবে, তার বাইরে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ জন্য এলাকায় জনমত গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, জনগণই সব ক্ষমতার উৎস।