স্টাফ রিপোর্টার
, যশোর
নানা আয়োজনের মধ্যদিয়ে যশোরে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনটির যশোর জেলা শাখা কেক কাটে এবং আলোচনা সভার আয়োজন করে। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় শহরের চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি দেলোয়ার হোসেন মুন্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন শেখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার আলী।
সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই বাংলাদেশ যুব অধিকার পরিষদ সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। গুম, খুন, হত্যা, সীমান্ত হত্যা, ভারতীয় আগ্রাসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে সংগঠনটি সবসময় সরব ছিল। বিশেষ করে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানে যুব অধিকার পরিষদের রাজপথের ভূমিকা ছিল অত্যন্ত দৃশ্যমান ও প্রশংসনীয়।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে ঐক্যবদ্ধ করা, বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কর্মসূচিতে জেলা যুব অধিকার পরিষদের সহ-সাধারণ সম্পাদক কাওসার আলী, দপ্তর সম্পাদক রনজিত কুমার দে, অর্থ সম্পাদক মোজাম্মেল হোসেন প্রান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক নূর আলী শেখ, প্রচার সম্পাদক শাহিন ইসলাম বিশাল, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সুজন হোসেন এবং ক্রীড়া সম্পাদক শোয়েব আলী উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে যশোর সদর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ইদ্রিস আলম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু, অর্থ সম্পাদক শামীমুজ্জামান আকাশসহ সংগঠনের জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতা এবং শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।