দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে:
স্টাফ রিপোর্টার
, যশোর
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে যশোরে স্বেচ্ছাসেবকদল প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের মণিহার এলাকা থেকে মিছিল বিভিন্ন সড়ক ঘুরে দড়াটানা ভৈরব চত্বরে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবকদলের নেতাদের মধ্যে বক্তব্য দেন আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্যসচিব রাজিদুর রহমান সাগর।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, নগর আহ্বায়ক মোস্তাফা তরফদার রয়েল, সদস্যসচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্যসচিব রাজু আহমেদসহ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কথিত ১১ দলীয় ঐক্যের নামে বিরোধীদল ও নিষিদ্ধ আওয়ামী লীগ একই সুরে কথা বলছে। তাদের দাবি, কোনো ইস্যু না পেয়ে পরিকল্পিতভাবে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট এবং রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে।
বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক ধারা ক্ষতিগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। একই সঙ্গে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে তারা দাবি করেন, বিভিন্ন সময়ে দলের নেতাকর্মীরা মামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।
সমাবেশে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও বক্তব্য দেন নেতারা। তারা দাবি করেন, সরকার দেশের পুনর্গঠনে কাজ করছে এবং এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
মণিহার এলাকা থেকে বের হওয়া প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু। মিছিলে জেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।