যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও পাচার রোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে—প্রতিমন্ত্রী

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৪৯ পিএম
মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও পাচার রোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে—প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বিশ্বের সব দেশেই জ্বালানি তেলের দামে নেতিবাচক প্রভাব পড়েছে। আমরা বিশ্বের অন্যান্য দেশ থেকে আলাদা নই, আমরা কোনো দ্বীপ নই। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব আমাদের জ্বালানি তেলের বাজারেও পড়েছে। পাশাপাশি সীমান্তবর্তী প্রতিবেশী দেশগুলোতে যাতে জ্বালানি তেল পাচার না হয়, সে জন্য দেশের বাজারে তেলের দাম সমন্বয় করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম অস্থিতিশীল। প্রতিবেশী অনেক দেশেই জ্বালানি তেলের দাম বাংলাদেশের তুলনায় বেশি। ফলে বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচারের ঝুঁকি তৈরি হয়েছে। সেই বিবেচনায় তেলের দাম বাড়ানো হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রবাসীরা কষ্ট করে বৈদেশিক মুদ্রা উপার্জন করেন। সেই অর্থ দিয়ে জ্বালানি তেল কেনা হয়। কাজেই প্রবাসীদের কষ্টার্জিত অর্থে কেনা তেল যাতে পাচার না হয়, সেটিও সরকারের বিবেচনায় রয়েছে।

জ্বালানি তেলের দাম পুনর্মূল্যায়নের সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জ্বালানি সংকটের ভুক্তভোগী এখন পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতির উন্নতি হলে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা যাবে। এমনকি তেলের দাম আগের তুলনায় কম নির্ধারণের সুযোগ তৈরি হলে সেটিও করা হবে।

বোরো মৌসুমে বিদ্যুতের লোডশেডিং কমবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের কথা বিবেচনা করে সরকার বোরো মৌসুমে প্রান্তিক এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে। আগামী দিনে কৃষকদের পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎভিত্তিক সেচব্যবস্থা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন প্রিন্স, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একই দিন বিকেলে ঝিনাইদহ শহরের একটি বেসরকারি রিসোর্টে গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)