কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জে দুলাল হোসেন (৩৮) নামে এক পিকআপ চালক নিহত হয়েছে।
বুধবার ভোরে বগুড়ার গোবিন্দগঞ্জ সড়কে ট্রাক চাপায় তিনি নিহত হন।
নিহত দুলাল হোসেন কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামের ওহিদুর রহমানের ছোট ছেলে।
নিহতের ভাই সেলিম হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ থেকে ড্রাগন ফল লোড করে বগুড়ার উদ্দেশে রওনা হয় দুলাল। গোবিন্দগঞ্জ এলাকায় পৌঁছে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে কোনো ত্রুটি আছে কি না চেক করছিল। তখন দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
পরে বগুড়া পুলিশ কালীগঞ্জ থানা পুলিশের মাধ্যমে নিহতের পরিবারকে বিষয়টি জানায়।
বুধবার সকালে পরিবারের সদস্য ও কালীগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা বগুড়া থেকে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
কালীগঞ্জ থানার ওসি মো. জুলফিকার আলী নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।