স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালত চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতের বিচারক সঞ্জয় পাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সাজা দিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানিয়েছে, সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের ছেলে আলিফ হোসেনকে (১৯) রাত সাড়ে ১২টার দিকে শহরের চৌরাস্তা থেকে আটক করা হয়। তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেন।
বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের একটি খাবার হোটেলের সামনে থেকে গাঁজাসহ দুই যুবককে আটক করে স্থানীয়রা। আটক ব্যক্তিরা হলেন, যশোর শহরের বেজপাড়া মসজিদ রোডের মৃত আসলামের ছেলে রতন এবং নাজু হোসেনের ছেলে সিয়াম হোসেন রনি। সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ সেখানে গিয়ে দুইজনকে হেফাজতে নেয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে পাঠায়।
আদালতে তারা দোষী প্রমাণিত হওয়ায় প্রত্যেককে তিন মাস করে সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও একমাসের করে কারাদণ্ডাদেশ দিয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের চাঁচড়া ইসমাইল কলোনি এলাকার লোকজন একটি চোরাই রিকসা ও ব্যাটারিসহ টিপু নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। টিপু ওই এলাকার মৃত দিনু পকেটমারের ছেলে। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে পুলিশ তাকে আদালতে পাঠায়। বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।