খুলনা অফিস
খুলনা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী কমিটি থেকে নিজ নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শেখ বিল্লাল হোসেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, বিনা অনুমতিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী কমিটিতে (৩৫ নম্বর সদস্য হিসেবে) তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কয়েকদিন আগে তিনি বিষয়টি জানতে পেরে বিস্মিত হন।
শেখ বিল্লাল হোসেন জানান, তিনি বা তার পরিবারের কোনো সদস্য কখনোই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না।
অতীতে তিনি ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সার্বিকভাবে বিএনপির রাজনীতির আদর্শ ও কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। সম্মতি না নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্ত করায় তিনি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।