শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে জুলাইযোদ্ধা রুবেল হোসেনসহ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, মাদকদ্রব্য বিক্রির বিরোধিতা করায় কাশিমাড়ী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, শ্রমিকলীগ নেতা উজ্জ্বল ও তাঁতিলীগ নেতা শিহাবের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।
হামলায় পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে নয় নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আজিম গাজী (৩৫) ও জুলাইযোদ্ধা রুবেল হোসেনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন আজিম গাজী অভিযোগ করে বলেন, সুমন ও শিহাব এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। এক দিন আগে স্থানীয় কয়েকজন তাদের কাছে সুমন ও শিহাবের মাদক বিক্রির বিষয়ে অভিযোগ করেন।
এ সময় মাদক বিক্রির রুট হিসেবে ব্যবহৃত পাশের আটুলিয়া ইউনিয়নের সঙ্গে ঝুরঝুরিয়া খালের ওপর থাকা কাঠের সাঁকোটি খুলে ফেলার হুমকি দেওয়া হয়।
আজিম গাজী বলেন, এর পরিপ্রেক্ষিতে শনিবার সকালে শিহাব ও সুমনকে ডেকে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য আল্টিমেটাম দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদসহ শিহাব ও সুমনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় বিএনপির একটি পক্ষ আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদকে ‘শেল্টার’ দিচ্ছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।