প্রেস বিজ্ঞপ্তি
, যশোর
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিল, সার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে যশোরে কর্মিসভা ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শহরের দলীয় কার্যালয়ে সংগঠনটির যশোর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
গাজী আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন পলাশ বিশ্বাস।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সম্পাদক তসলিম উর রহমান, নাজিম উদ্দিন, মিজানুর রহমান, অধ্যাপক ইসরারুল হক, সকিনা বেগম দীপ্তি, চৈতন্য কুমার পাল ও সিরাজুল ইসলাম।

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।
তারা সরকারের বোয়িং ও এয়ারবাস বিমান কেনার উদ্যোগেরও সমালোচনা করেন।
বক্তারা সার, ডিজেল ও পেট্রোলের মূল্যবৃদ্ধিতে কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে সার সিন্ডিকেট ভেঙে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, ইরি-বোরো মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান।
এ ছাড়া ঢাকায় শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি হামলার নিন্দা, জড়িতদের বিচার এবং ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর অপতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন তারা।
জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল ও জনজীবনের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।
সভা শেষে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি যশোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।