চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা।
বুধবার (২১ অক্টোবর) বেলা ১২টায় জেলা জামায়াত কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. মাসুদ পারভেজ রাসেল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মাসুদ পারভেজ রাসেল। বক্তারা বলেন, সম্প্রতি চুয়াডাঙ্গা জেলার ৪৫ জন সার ডিলার নিয়োগের তালিকা চূড়ান্ত করা হয়েছে। যার মধ্যে ৪৩ জনই বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মী বা আত্মীয়-স্বজন।
এছাড়া এই তালিকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের অন্তত একজন নেতার নামও চূড়ান্ত করা হয়েছে।
বক্তারা জেলাজুড়ে সার ডিলার নিয়োগ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে প্রকৃত সার ব্যবসায়ীদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান।