পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও প্রবীণ সাংবাদিক মরহুম শামসুর রহমানের স্মরণে খুলনার পাইকগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেলে পাইকগাছা পৌরসভার সীরাতুল হুদা ট্রাস্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা শাখার সিনিয়র নায়েবে আমির মাওলানা গোলাম সারোয়ার। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক আব্দুল মমিন সানা, পৌর আমির ডা. আছাদুল ইসলাম, সেক্রেটারি মিজানুর রহমান ও শামসুর রহমান ফাউন্ডেশনের উপজেলা সভাপতি তামিম রায়হানসহ স্থানীয় নেতারা।
আলোচনা সভায় বক্তারা মরহুম শামসুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তারা বলেন, শামসুর রহমান ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সৎ সাংবাদিক তার সততা, আদর্শ ও বলিষ্ঠ নেতৃত্ব সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।