যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় হুঁশিয়ারি

‘আর কোনো পকেট কমিটি চলবে না’

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৮:০২ পিএম
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৮:৩৬ পিএম
‘আর কোনো পকেট কমিটি চলবে না’

বিএনপির আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে মেহেরপুরের গাংনীতে আর কোনো পকেট কমিটি চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। দল পুনর্গঠনে ব্যক্তিস্বার্থ ও গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির একাংশের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেলে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের শহরের উত্তরপাড়ার বাসভবন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বড়বাজার ও হাসপাতাল বাজার এলাকা প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সাবেক সহ-সভাপতি উপাধ্যক্ষ নাসির উদ্দীন, আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মতিয়ার রহমান মোল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আব্দুল হান্নান, বিএনপি নেতা আকামত আলী, রবিউল ইসলাম এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন বলেন, ‘বিগত সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে কথা বলতে বা লিখতে পারেননি। কাগজে-কলমেও তাদের মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। কিন্তু বর্তমানে সাংবাদিকরা প্রাণখুলে লিখতে ও কথা বলতে পারছেন। দেশের মানুষ এখন প্রকৃত গণতন্ত্র ও স্বাধীনতা ভোগ করছেন।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে এ দেশের মানুষ জিয়াউর রহমানকে মুক্ত করেছিল। তিনি মাত্র তিন বছর দেশ শাসনের সুযোগ পেয়েছিলেন, এরপর তাকে জীবন দিতে হয়েছে। তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন কারাবরণ করেও তিনি কখনো দেশ ছেড়ে যাননি। দেশের মানুষের প্রতি তার এই ভালোবাসা ও ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

আমজাদ হোসেন আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য যোগ্য নেতৃত্ব হিসেবে তারেক রহমানকে সামনে নিয়ে এসেছেন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দলকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
 
মেহেরপুরের দুটি সংসদীয় আসনে বিএনপির বিগত দিনের পরাজয়ের কারণ তুলে ধরে তিনি বলেন, দলের ভেতরের একটি দালাল চক্রের কারণে মেহেরপুরের দুটি আসনেই বিএনপিকে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। নিজের নির্বাচনী ব্যর্থতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দল আমার হাতে ধানের শীষ তুলে দিয়েছিল, কিন্তু প্রয়োজনীয় সুব্যবস্থা করতে না পারায় আমি ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার দায় আমি স্বীকার করছি।’

তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, আগামী দিনে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গাংনী বিএনপিতে কোনো ব্যক্তির পকেট কমিটি থাকবে না এবং তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)