স্টাফ রিপোর্টার
, যশোর
বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়েছে।
রোববার বিকেলে শহরের মণিহার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার গুন্ডাবাহিনী গোপালগঞ্জে সাধারণ মানুষের বাড়িঘর ও থানা লুটপাট করেছে। তিনজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। মানুষের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ করে কিংবা বোমা ফাটিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না। বিগত ১৭ বছর যশোরসহ সারাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ত্রাস ও সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছে, তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
প্রশাসনকে অবিলম্বে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আটকের জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, পাড়া-মহল্লায় সবাইকে সজাগ থাকতে হবে। সন্ত্রাসীদের সাথে কোনো বন্ধুত্ব নেই। তারা উঁকি দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীদের বিষ দাঁত ভেঙে দিতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।