স্টাফ রিপোর্টার
, যশোর
অদম্য মেধাবী তামান্না নূরার এগিয়ে যাওয়ার স্বপ্ন দমাতে পারেনি প্রতিবন্ধকতা। দুই হাত ও এক পা ছাড়াই জন্ম নেওয়া এই শিক্ষার্থী নিজের অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে একের পর এক শিক্ষাজীবনের সাফল্য অর্জন করেছেন। বর্তমানে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী।
তামান্না নূরার চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় তাকে বিশেষ সুবিধাসম্পন্ন একটি হুইলচেয়ার প্রদান করেছেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তাকে নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়।
রোববার (২২ নভেম্বর) এ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলাম, যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকসহ অন্যরা।
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের সন্তান তামান্না। তার বাবা রওশন আলী দাউলিয়া দাখিল মাদরাসার শিক্ষক এবং মা খাদিজা পারভীন শিল্পী গৃহিণী। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। ছোটবেলায় বাবার কাঁধে চড়ে শুরু হয়েছিল তার শিক্ষাজীবন। পরে মুখ ও একটি পা ব্যবহার করে লেখাপড়া চালিয়ে যান তিনি।
শিক্ষাজীবনের প্রতিটি ধাপে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে দেশজুড়ে আলোচনায় আসেন তামান্না। পরবর্তী সময়ে যবিপ্রবিতে ইংরেজি সাহিত্যে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ অব্যাহত রেখেছেন।
তামান্নার এই দীর্ঘ সংগ্রামে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার বাবা-মা। প্রতিবেশীদের কটূক্তি, সামাজিক প্রতিবন্ধকতা ও নানা প্রতিকূলতার মধ্যেও মেয়ের স্বপ্নপূরণে পাশে থেকেছেন তারা।
তবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন চলাফেরায় দীর্ঘদিন ধরেই হুইল চেয়ারের ওপর নির্ভর করতে হচ্ছে তামান্নাকে। প্রয়োজনীয় সুবিধাসম্পন্ন হুইলচেয়ারের অভাবে তার চলাচলে নানা অসুবিধা হতো। নতুন এই হুইল চেয়ার তার চলাচল আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।
তামান্নার জীবন যেন আবারও প্রমাণ করল, শারীরিক সীমাবদ্ধতা নয়, মানুষের স্বপ্নপূরণে সবচেয়ে বড় শক্তি অদম্য মনোবল, অধ্যবসায় ও পরিবারের সহযোগিতা।