স্টাফ রিপোর্টার
, যশোর
বিশ্ব মুসলিম উম্মাহর পবিত্রতম স্থান কাবা শরিফÑযেখানে লাখো মানুষ চোখের জলে নিজের জীবনের চাওয়া-পাওয়ার কথা তুলে ধরেন মহান আল্লাহর দরবারে। সেই পবিত্র স্থান থেকেই এক যুবকের মানবকল্যাণমূলক অঙ্গীকারের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
ভিডিওতে দেখা যায়, কাবা শরিফের পাশে দাঁড়িয়ে এক যুবক গভীর আবেগে দোয়া করছেন। তিনি বলছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয় এবং যশোর সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচিত হন, তাহলে তিনি দুটি গরু ও দুটি খাসি কোরবানি দিয়ে তা অসহায় ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করবেন।
ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে একজন প্রবাসী তরুণের ধর্মীয় বিশ্বাস, দেশপ্রেম এবং মানবিক দায়বদ্ধতার প্রকাশ হিসেবে দেখছেন।
সামাজিক মাধ্যমে প্রশংসামূলক মন্তব্যও চোখে পড়ছে, যেখানে মানুষ বলছেন, ক্ষমতা বা প্রাপ্তির প্রত্যাশাকে যদি মানবকল্যাণের সঙ্গে যুক্ত করা যায়, তবে সেটিই হতে পারে রাজনীতির সুন্দর দৃষ্টান্ত।
খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওতে থাকা যুবকের নাম মো. জিহাদ। তিনি যশোর সদরের ইছালী ইউনিয়নের ব্যবসায়ী ও বিএনপি নেতা রেজাউল হকের ছেলে। তার দাদা সাবেক ইউপি চেয়ারম্যান ও এলাকার জনপ্রিয় ব্যক্তি জুলফিকার আলী।
জিহাদ বর্তমানে পর্তুগালে অবস্থান করছেন এবং প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
যশোরে এ ঘটনাকে ঘিরে আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।
সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল জানিয়েছেন, প্রবাসে থেকেও দেশের মানুষের কথা ভাবা এবং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামাজিক দায়িত্বকে যুক্ত করার এই উদ্যোগ ইতিবাচক বার্তা বহন করে। আধুনিক সময়ে রাজনীতি শুধু মিছিল-মিটিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যক্তিগত অনুভূতি এবং মানবিক অঙ্গীকার- সব মিলিয়ে রাজনীতির ভাষাও বদলাচ্ছে। আর সেই পরিবর্তনের একটি উদাহরণ হয়ে উঠেছে কাবা শরিফ থেকে এই দোয়া।