স্টাফ রিপোর্টার
, যশোর
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে বিদ্যুৎ ঘাটতির মধ্যেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার। তিনি শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে যশোর সার্কিট হাউজে যশোরের বিদ্যুৎ বিভাগের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নে এই মন্তব্য করেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ইফতার তারাবি সেহরিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারি; সেটার চেষ্টা আমাদের রয়েছে। বিদ্যুতের ঘাটতি রয়েছে। সেটাকে কীভাবে সুন্দর ব্যবস্থাপনা করে জনদুর্ভোগ কমানো যায় সেটা নিয়ে কাজ শুরু করেছি।’
‘দেশবাসীকে বলবো, আমাদের একটু সময় দিতে হবে। ধৈর্যধারণ করতে হবে। বিদ্যুৎ বিভাগে পরিকল্পনা অনুযায়ী নানা সংকট, সমস্যার সমাধান আমরা করতো পারবো’।
বোরো মৌসুমে রেশনিং করে হলেও চাষিদের বিদ্যুৎ সরবারহ নিশ্চিত করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, র‘মজানের পরেই সেচের মৌসুম। কৃষকদের বিদ্যুৎ নিশ্চিতে কর্মকর্তাদের প্রস্তুতি নেওয়ার কথা বলেছি। অন্য জায়গা থেকে রেশনিং করে হলেও সেচের মৌসুমে কৃষকদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে। সেচ মৌসুমে যাতে কৃষকেরা প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পান; এটা নিশ্চিত করাটাই আমাদের প্রধান কাজ।’
মতবিনিময় সভায় জেলার বিদ্যুৎ বিভাগের নানা সংকট ও সম্ভবনার নানা তথ্য উপস্থাপন করেন কর্মকর্তারা। সভায় এসব সমস্যা সমাধানে প্রতিমন্ত্রী জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের পাশে থাকার আহ্বান জানান। এসময় পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর বিভাগীয় ও জেলার নানা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর শুক্রবার সকালে নিজ জেলায় যশোরে আসেন অনিন্দ্য ইসলাম অমিত। বেলা সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজে পৌঁচ্ছালে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বসাধারণ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এর আগে যশোর বিমান বন্দর থেকে সার্কিট হাউজে উপস্থিত হলে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেন আইনশৃঙ্খলা বাহিনী।