স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভাষা আন্দোলন আমাদের চেতনার বাতিঘর। অন্যায়, বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের দীর্ঘ পথে সাহস জুগিয়েছে একুশে ফেব্রুয়ারি। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জনতা শহীদ মিনারে গেছে। স্বাধীনতার পূর্ব ও পরবর্তীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শহীদ মিনারে গেছে জনতা, সাহস সঞ্চয় করেছে, উজ্জীবিত হয়েছে ‘
তিনি বলেন, ‘যখন ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি, তখন আমরাও শহীদ মিনারে গিয়েছি, শপথ নিয়েছি। এরশাদবিরোধী আন্দোলনেও মানুষ শহীদ মিনারে গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ নিয়েছে। ১৯৫২ সালে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ডাক দিয়েছিল। কিন্তু আন্দোলনে সর্বস্তরের মানুষ অংশ নেয়।’
প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষ শান্তিপূর্ণ। এই শান্তিপ্রিয় মানুষের ওপর দিনের পর দিন অন্যায়-অত্যাচার হতে থাকলে মানুষ কতটা ভয়ংকর হতে পারে, সেই শিক্ষা এক নায়ক, ফ্যাসিস্টরা পেয়েছে।
অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, ‘বাংলা ভাষা আমরা কতটুকু শুদ্ধভাবে বলতে জানি, লিখতে জানি, সেটা নিয়েও সংকট আছে। প্রশাসনের কর্তাব্যক্তিরাও কতটুকু জানেন সেটাও সংকট আছে।’
তিনি বলেন, নিজের ভাষা ভালো করে জানবো, পাশাপাশি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অন্য ভাষা শিখতে হবে। বিএনপি নির্বাচনি ইশতেহারে উল্লেখ করেছিল, স্কুল পর্যায় থেকে বাংলা, ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষায় শিক্ষা দিতে চায়। সেটা জার্মান, কোরিয়ান, চাইনিজ যেকোনো ভাষা হতে পারে।
তিনি আরো বলেন, ‘অন্যায়ের কাছে এ জাতি কখনো মাথা নত করেনি। সংবদ্ধভাবে তারা প্রতিবাদ করেছে। এবং বিজয় অর্জন করেছে। আমরা যারা সরকারি ও সরকারের বাইরে আছি, এই শিক্ষাটা গ্রহণ করে যদি আগামী পথ চলতে পারি, তাহলে আমি মনে করি জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন।
আলোচনা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।