স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের ঐতিহাসিক 'জিয়ার খাল' সরেজমিনে পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে শার্শা উপজেলার উলাশি ইউনিয়নে পৌঁছে তিনি খালটির বর্তমান অবস্থা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখা, নিয়মিত খনন ও সৌন্দর্যবর্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মূলত প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আসন্ন সফরকে কেন্দ্র করে এলাকার অবকাঠামোগত প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবে তিনি এই বিশেষ পরিদর্শন করেন।
এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
এরপর তিনি সড়কপথে শার্শার উদ্দেশে রওনা হন। প্রতিমন্ত্রীর সফরকালে জেলা প্রশাসক আশেক হাসান ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জোয়া এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
পরিদর্শন শেষে স্থানীয় নেতারা জানান, জিয়ার খালের পরিবেশ রক্ষা ও এলাকাটিকে আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে খালের স্বাভাবিক গতিপথ বজায় রেখে আধুনিক সৌন্দর্যবর্ধনের মাধ্যমে একটি ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পরিকল্পনা রয়েছে।