স্টাফ রিপোর্টার
, যশোর
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, রান্নার কষ্ট লাঘবে নারীদের এবার ‘এলপিজি কার্ড’ সেবা দেওয়া হবে।
সোমবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে যশোরের শার্শায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজ উদ্বোধন করেন তিনি। সেখানে বক্তব্যে এই বিষয়টি জানান তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা।
তিনি জানান, শার্শার উলাশী খালে পানি এলে ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে।
প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওয়ানা হন। সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি যশোর বিমানবন্দরে অবতরণ করে।
সফরসূচি অনুযায়ী, শার্শা উপজেলার উলাশী খাল পুনর্খননের পর আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন তিনি।
শার্শা থেকে তিনি সোজা চলে আসেন যশোর শহরতলির বিলহরিণায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ৫০০ শয্যা হাসপাতালে ভিত্তিপ্রস্তর
স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর সার্কিট হাউসে স্বল্প বিরতি শেষে যশোর কেন্দ্রীয় ঈদগাহে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই যশোরে প্রথম সফর। আর গত তিন মাসের মধ্যে যশোরে এটা তার দ্বিতীয় সফর।