কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে তুমুল হট্টগোলের মুখে পড়েন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
বৃহস্পতিবার (৭ মে) সকালে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, সকালে প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন মুফতি আমির হামজা।
এ সময় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
পরে আমির হামজা টুর্নামেন্ট উদ্বোধনের জন্য মাঠে প্রবেশ করলে ওই শিক্ষার্থীরা সেখানে গিয়েও আমির হামজাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন এবং তারা মাঠের মধ্যে বসে পড়েন।
এই পরিস্থিতিতে কলেজের অধ্যক্ষ আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়েও একইভাবে স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করে।
খবর পেয়ে পুলিশ অধ্যক্ষের কার্যালয়ে যান। এসময় এমপি আমির হামজা পুলিশের সঙ্গে বেরিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।
এ ঘটনার পর আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লেখা হয়, ‘কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন সময়ে মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা।’
কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল হোসেন বলেন, এখানে ছাত্রদলের কোনো বিষয় নেই। আজকে যারা মানববন্ধন বা বিক্ষোভ করেছেন তারা কলেজের সাধারণ শিক্ষার্থী।
তিনি বলেন, ‘গাছ কাটার প্রতিবাদে শিক্ষার্থীরা আজকে এই মানববন্ধন করেছেন। আমরা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এমপি মহোদয়ের সম্মান রক্ষার্থে চেষ্টা করেছি যেন কোন বিশৃঙ্খলা না তৈরি হয়।’
‘আমরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেছি। কেননা তিনি আমাদের কলেজের অতিথি।’
এ ব্যাপারে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, কলেজের ছোট ছোট কিছু গাছ ছিল। সেগুলো প্রিন্সিপাল সাহেবই লাগিয়েছেন। রাতের আঁধারে কারা এই গাছ কেটে ফেলেছে। এইটা নিয়ে শিক্ষার্থীদের দাবি ওঠে, গাছ কাটলো কারা, এটা তদন্ত করে বের করতে হবে। অলরেডি কলেজ কর্তৃপক্ষ তদন্ত কমিটি করে দিয়েছে। তদন্ত রিপোর্টটা দিলে কারা কেটেছে সেটা বের হয়ে যাবে।
তিনি বলেন, ‘কুষ্টিয়া সরকারি কলেজে আমার আসার কারণ কলেজে একটি খেলা ছিল। সেই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি ছিলাম। গত পরশুদিন প্রিন্সিপাল এবং কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দিয়ে আসেন। আজকে (বৃহস্পতিবার) সেটা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত আমার থাকার কথা ছিল। দুই ঘণ্টা আমি কলেজে ছিলাম। এই অনুষ্ঠানে আসার পরে গাছ কাটা নিয়ে একটু ঝামেলা হয়েছে।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যান। এসময় তিনি আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে আলাপ করতে দেখেন।
তবে আমির হামজাকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করেন ওসি।
তিনি বলেন, আমির হামজা অধ্যক্ষের কার্যালয় থেকে তার সঙ্গেই বেরিয়ে আসেন এবং কলেজ ক্যাম্পাস ত্যাগ করে চলে যান।