স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের মণিরামপুরের ডা. রাফসানজানিসহ দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এশিয়ান টিভির যশোর প্রতিনিধি হাসিবুর রহমান শামীম। অভিযোগ করা হচ্ছে, তাকে মারধর, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
এরআগে এই সাংবাদিক হাসিবুর রহমান শামীমের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি ও আটক রেখে হুমকির অভিযোগে মামলা করেন ডা. রাফসানজানি। ডাক্তারের মামলা থেকে বাঁচতে শামীম ওই মামলা করেছেন বলে ধারণা করছেন অপরপক্ষ।
শামীমের দায়ের করা মামলার আসামিরা হলেন যশোরের বাঘারপাড়ার উপজেলার যাদবপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে এম জিহাদ আলী ও সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মণিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাফসানজানি।
অভিযোগ আমলে নিয়ে বিচারক ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেছেন, ডা. রাফসানজানির বিরুদ্ধে তার শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মণিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। ওই ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ আচরণ শুরু করে। পরবর্তীতে আসামিরা যশোরের ১০ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে একটি মামলাও করেন। সেই পরিপ্রেক্ষিতে সাংবাদিক হাসিবুর রহমান শামীম নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্টের জেরে আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ১৭ এপ্রিল দুইটি মোটরসাইকেলে করে কয়েকজন তার বাড়ির সামনে এসে তাকে ডাকাডাকি করে। তিনি বাইরে বের হলে অভিযুক্তরা শামীমের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে হাত কেটে নেওয়া ও হত্যার হুমকি দেয়। এসময় তিনি প্রতিবাদ করলে আসামিরা তাকে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বাধ্য হয়ে তিনি আদালতে এ মামলা করেন।
প্রসঙ্গত, ধর্ষণ মামলা দিয়ে জেলের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে গত ১৫ এপ্রিল শামীমসহ দশজনের বিরুদ্ধে যশোরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন ডা. রাফসানজানি।