মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে কল্লোল বলেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন এবং সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। তবে, সম্প্রতি একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, তার রাজনৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে এ ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে আমি রাজনীতি করেছি। আমাকে রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা কখনো সফল হবে না।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জেলা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে এবং সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, পৌর যুবদলের সদস্যসচিব খান মাহবুবুর রহমান শান্তিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।