যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেডিএ চেয়ারম্যানের দায়িত্ব নিলেন শফিকুল আলম মনা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৩:৩০ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৭:০৪ পিএম
কেডিএ চেয়ারম্যানের দায়িত্ব নিলেন শফিকুল আলম মনা

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, পরিবেশবান্ধব, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, "খুলনাকে এমনভাবে সাজানো হবে যেন এ শহরের মানুষ শান্তি ও স্বস্তির সঙ্গে বসবাস করতে পারে এবং একটি সুস্থ-সুন্দর পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারে।"

নবনিযুক্ত চেয়ারম্যান আরও বলেন, পরিকল্পিত নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে খুলনাকে একটি মডেল নগরীতে পরিণত করার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য খুলনাবাসীর আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দোয়া কামনা করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনুর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি'র নবনির্বাচিত পরিচালক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী তফসীর আহমেদ এবং অধ্যাপক মনিরুল হক বাবুল প্রমুখ।

এ সময় কেডিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)