ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং প্রশাসনকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
শুক্রবার (১৯ জুন) বিকেলে কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকার শোয়াইবনগর কামিল মাদরাসা প্রাঙ্গণে আড়পাড়া নাগরিক সমাজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর মুক্তার হোসেন, মোজাম্মেল হক, শাহিনুর রহমান, রাজু আহমেদ, জাফরুল ইসলাম মাস্টার, হাসানুজ্জামান, জয়নুল আহমেদ, হাফিজুল হক মাস্টার, মাওলানা সাবরুস সোবাহান, মোক্তার হোসেন, হাফিজুর রহমানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

এছাড়াও সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, যুবসমাজ এবং দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের হামলার শিকার হয়েছেন পুলিশের একজন অবসরপ্রাপ্ত এএসপি। যিনি একজন সহজ সরল এবং সমাজের সচেতন নাগরিক। দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিভিন্ন ছত্রছায়ায় থেকে একটি চক্র কালীগঞ্জে মাদকের ব্যবসা চালিয়ে গেছে। ফলে অনেকেই তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাননি। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। মাদক ব্যবসায়ীদের স্পষ্ট করে বলতে চাই, মাদক ব্যবসা ছাড়তে হবে, অন্যথায় এলাকা ছাড়তে হবে। জনগণ এখন সচেতন। মাদক ব্যবসার কোনো স্থান এ সমাজে হবে না।
সভা শেষে মাদকমুক্ত কালীগঞ্জ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ জোরদার এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার মিডিয়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হুসাইন।