যশোর, বাংলাদেশ || শনিবার, ২০ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৯:৪৪ পিএম
আপডেট : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৯:৫৭ পিএম
সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। শুক্রবার বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানায়।

মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।

জেলা প্রশাসনের সূত্র জানায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।

উল্লেখ, গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং নবগঠিত মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এর আওতায় শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি ইউনিয়ন’ এবং মোকামতলা উপজেলায় ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে ‘স্বর্ণগ্রাম’, সৈয়দপুর ইউনিয়ন ভেঙে ‘সীমান্ত’ এবং দেউলী ইউনিয়ন ভেঙে ‘দিগন্ত’ ইউনিয়ন গঠন করা হয়েছে।

তবে নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে শুরু থেকেই বিতর্ক রয়েছে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম অনুসারে ‘মীরবাড়ি ইউনিয়ন’ নামকরণ করা হয়েছে। একইভাবে তার দুই ছেলে মীর সীমান্ত ও মীর দিগন্তের নাম অনুসারে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম রাখা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল রেখে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

বিষয়টি জাতীয় সংসদেও আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে প্রশ্ন উঠলে প্রতিমন্ত্রী শাহে আলম দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন গণশুনানির মাধ্যমে ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করেছে। তার ভাষ্য অনুযায়ী, সৈয়দপুর ইউনিয়ন সোনাতলা ও গাবতলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় ‘সীমান্ত’ এবং দূরবর্তী অবস্থানের কারণে অন্য ইউনিয়নের নাম ‘দিগন্ত’ রাখা হয়েছে। তিনি বলেন, “মিরাকেলি আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই।”

এদিকে নামকরণ নিয়ে বিতর্ক চলমান থাকলেও গত বৃহস্পতিবার নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। মীরবাড়ি ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান, স্বর্ণগ্রাম ইউনিয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সীমান্ত ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নাজমুল হোসাইন এবং দিগন্ত ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ১৮ ধারা অনুযায়ী নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে নবগঠিত ইউনিয়নগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)